এটি থিয়াগো মেসির ফুটবল দক্ষতা প্রদর্শনীর ভিডিও নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওটিতে প্রদর্শিত ছেলেটি আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ফেসবুকে সবচেয়ে ভাইরাল হওয়া পোস্টটি এককভাবে প্রায় ১০ লক্ষ বার দেখা হয়েছে এবং প্রায় ১৩ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি লিওনেল মেসির পুত্র থিয়াগো মেসির ফুটবল দক্ষতার প্রদর্শনীর ভিডিও নয়; বরং এটি যুক্তরাজ্যভিত্তিক একাডেমি ফুটবলার ভ্যালেরি কস্তভের কারিকুরির ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গত ১৬ নভেম্বর v7skills ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট হওয়া একটি ভিডিও পাওয়া যায়৷ উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত ছেলেটি এবং তার ফুটবল কারিকুরির সাদৃশ্য পাওয়া যায়৷

উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে এরকম নানা ফুটবল ট্রেনিং ও দক্ষতাভিত্তিক ভিডিও পোস্ট করতে দেখা যায়। উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও অ্যাকাউন্টটিতে সংযুক্ত ইউটিউব চ্যানেল থেকে জানা যায়, ছেলেটির নাম ভ্যালেরি কস্তভ। অ্যাবাউট সেকশন পর্যবেক্ষণ করলে জানা যায় উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ও ইউটিউব চ্যানেলটি মূলত যুক্তরাজ্য থেকে পরিচালিত হচ্ছে। অ্যাকাউন্টটি বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত ভ্যালেরি কস্তভের।

তাছাড়া, লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসির সাথে ভ্যালেরি কস্তভের মুখমণ্ডলের তুলনা করলেও বৈসাদৃশ্য পাওয়া যায়।

সুতরাং, ভ্যালেরি কস্তভ নামের একটি অ্যাকাডেমি ফুটবলারের ভিডিওকে লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসির ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: