ইসরায়েলের উপ-প্রধানমন্ত্রী ইয়ারিভ লেভিনকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ঘোষণার দাবিটি ভুয়া

সম্প্রতি, ইসরায়েলের উপ-প্রধানমন্ত্রী ইয়ারিভ লেভিনকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে। প্রচারিত পোস্টগুলোতে দাবি করা হয়, ইরানের হামলায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হওয়ায় লেভিনকে তার স্থলাভিষিক্ত করা হয়।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে সিলেটের স্থানীয় গণমাধ্যম বার্তা সিলেটের প্রধান সম্পাদক মীর জাহানও তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ইয়ারিভ লেভিনকে ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করার দাবিতে প্রচারিত তথ্যটি ভুয়া। এছাড়াও, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরানের হামলায় নিহত হওয়ার দাবিটিও মিথ্যা। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিগুলো প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ইয়ারিভ লেভিনকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করার দাবিতে Headlines360 নামের একটি ফেসবুক পেজে গত ১৮ মার্চ বিকেল ৩ টা ৪৫ মিনিটে সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয়। তবে সেখানে নেতানিয়াহু মারা যাওয়ার কথা বলা হয়নি।

পরবর্তীতে অনুসন্ধানে ইসরায়েলের কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ বিষয়ক কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি। এছাড়াও ইয়ারিভ লেভিনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পর্যালোচনা করে দেখা যায়, সেখানে তার পরিচয়ের স্থলে উপ-প্রধানমন্ত্রী-ই লেখা রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ইয়ারিভ লেভিনকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

অপরদিকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর দাবিতে প্রচারিত তথ্যটির সত্যতা যাচাইয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা যায়, অ্যাকাউন্টটিতে ১ এপ্রিল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এছাড়াও গত ২৯ মার্চ ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর সাথে তার সাক্ষাতের ছবিও অ্যাকাউন্টটিতে দেখতে পাওয়া যায়।
পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গত ২৯ মার্চ নেতানিয়াহুর একটি ভিডিওবার্তাও প্রচারিত হতে দেখা যায়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ইয়ারিভ লেভিনকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ঘোষণার মত নেতানিয়াহুর নিহত হওয়ার দাবিটিও সম্পূর্ণ মিথ্যা।
সুতরাং, ইরানের হামলায় নেতানিয়াহু নিহত হওয়ায় ইসরায়েলের উপ-প্রধানমন্ত্রী ইয়ারিভ লেভিনকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

