সীতাকুণ্ডে মাদ্রাসায় সন্ত্রাসী হামলা দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটি ইয়েমেনের

গত ২৪ মে গভীর রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় অবস্থিত র্যাবের একটি ক্যাম্পে (চৌকিতে) সশস্ত্র হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ক্যাম্প লক্ষ্য করে গুলি চালানোর পাশাপাশি বুলডোজার ব্যবহার করে ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো ভেঙে ফেলে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করতে না পারেন, সে উদ্দেশ্যে অন্তত তিনটি স্থানে সড়ক কেটে দেওয়া হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, জঙ্গল সলিমপুরে র্যাবের কার্যালয়ে হামলার পর এবার সীতাকুণ্ডের একটি মহিলা মাদ্রাসায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এবং কয়েকজন ছাত্রীকে জিম্মি করেছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের কোনো মহিলা মাদ্রাসায় হামলার দৃশ্য নয় এবং ভিডিওটির সঙ্গে বাংলাদেশেরও কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৪ সালে ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত একটি বালিকা বিদ্যালয়ে হুথি বিদ্রোহীদের হামলার দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে, @yemeniradar নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি সানার উত্তর হামাদান এলাকায় অবস্থিত একটি মেয়েদের স্কুলে হুথি বাহিনীর হামলার দৃশ্য।

এ বিষয়ে আরও অনুসন্ধানে ইয়েমেন ভিত্তিক সংবাদমাধ্যম Aden News Channel এর ওয়েবসাইটে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, হুথি সশস্ত্র গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানায় একটি মেয়েদের স্কুলে হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয়ের দেয়ালে স্লোগান ও সবুজ পতাকা টানাতে অস্বীকৃতি জানায় এবং শিক্ষার্থীরাও মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন উদযাপনে অংশ নিতে রাজি হয়নি। পরবর্তী সময়ে হুথি সদস্যরা হামদান জেলার ওই মেয়েদের স্কুলে প্রবেশ করে শিক্ষার্থীদের বের করে দেয় এবং স্কুলটি বন্ধ ঘোষণা করে।
সুতরাং, হুথি বাহিনীর ইয়েমেনের একটি বালিকা বিদ্যালয়ে হামলার দৃশ্যকে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মহিলা মাদ্রাসায় হামলার ঘটনা হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Yemeni Radar #YemenCantWait – Video
- Aden News Channel – News Article

