ইয়েমেনের ভিন্ন ঘটনার ভিডিওকে মুম্বাইয়ের ভিডিও দাবিতে প্রচার

হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননার দায়ে বিজেপির এমএলএ নিতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের ‘ঘৃণামূলক বক্তব্যের’ বিচার চাইতে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে ‘তিরাঙ্গা সংবিধান র‍্যালি’ নামে বিক্ষোভ করে মুম্বাইয়ে জড়ো হয়েছিলেন মুসলমানরা। এরই প্রেক্ষিতে, ‘মুম্বাইয়ে ইতিহাস হয়ে থাকবে এই দৃশ্য ইনশাআল্লাহ। গত ৫০ বছরে যেটা কেউ করতে পারে নাই আশেকে রাসুল ﷺ তা দেখিয়েছেন।’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই ভিডিওটি হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননার দায়ে ভারতের মুম্বাইয়ে মুসলমানদের জড়ো হওয়ার দৃশ্য নয় বরং, ভিডিওটি সানা দখলের এক দশক পূর্তি উপলক্ষ্যে এবং ফিলিস্তিন ও লেবাননের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের রাজধানী সানায় আয়োজিত কুচকাওয়াজে অংশগ্রহণের ভিডিও।

অনুসন্ধানে গত ২২ সেপ্টেম্বর জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম ‘Roya News English’ এর ফেসবুক পেজে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিটির একটি ফ্রেমের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একটি ফ্রেমের সঙ্গে কিছুটা সাদৃশ্য লক্ষ্য করা যায়। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘সানা দখলের এক দশক পূর্তি উপলক্ষ্যে সামরিক কুচকাওয়াজ করেছে ইয়েমেনের হুথিরা।’

এছাড়াও, গত ২১ সেপ্টেম্বর ‘ملتقى الطالب الجامعي’ নামক এক্স অ্যাকাউন্টে কয়েকটি ছবিসহ আরবি ভাষায় একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ছবিগুলোর ক্যাপশনে বলা হয়, ‘২১ সেপ্টেম্বর বিপ্লবের দশম বর্ষপূর্তি উদযাপন এবং ফিলিস্তিন ও লেবাননের প্রতি সংহতি প্রকাশ করে রাজধানী সানায় আয়োজিত কুচকাওয়াজে অংশগ্রহণ করল ইয়েমেনি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।’ ছবিগুলোরে মধ্যে একটি ছবি আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একটি ফ্রেমের সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়।

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গত ২৩ সেপ্টেম্বর সংবাদ সংস্থা এএফপির জাপানি ভাষার সংস্করণ ‘AFPBB’তে ১৪টি ছবিসহ এই সংক্রান্ত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে ব্যবহৃত একটি ছবির সাথে ‘ملتقى الطالب الجامعي’ নামক এক্স অ্যাকাউন্টে প্রাপ্ত ছবির সাথে সাদৃশ্য দেখানো আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ফ্রেমের সাথে মিল খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সানা দখলের ১০ বছর পূর্তি উপলক্ষে ইয়েমেনের ইরানপন্থী হুথি গোষ্ঠী সামরিক কুচকাওয়াজ করেছে।

সুতরাং, ইয়েমেনের ভিন্ন ঘটনার ভিডিওকে ভারতের মুম্বাইয়ের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: