বাংলাদেশে আক্রমণ ও মোদীকে পদত্যাগের আহ্বান জানিয়ে যোগী আদিত্যনাথের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আংশিক এআই-নির্মিত

সম্প্রতি ‘ভার/তের দয়ায় বেঁচে থাকা বাংলা/দেশকে মো’দি যদি এই মুহূর্তে দখল করতে না পারে তাহলে তার গদি ছেড়ে দেওয়া উচিত বললেন যোগী আদিত্যনাথ’ শিরোনামে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্তব্য দাবিতে একটি ভিডিও দেশের কতিপয় গণমাধ্যমে এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷
উক্ত ভিডিওতে যোগী আদিত্যনাথকে বলতে দেখা যায়, “যদি বাংলাদেশ ও পাকিস্তান সৃষ্টি না হত, তাহলে মানুষকে এভাবে হিন্দুরে জীবন্ত পুড়িয়ে মারা হত না। আর যদি কেউ তা করত, তাহলে তারা এটাও জানত যে তাদের কী দুর্গতি হত। প্রধানমন্ত্রী মোদী, যদি আপনি বাংলাদেশ আক্রমণ করতে না পারেন, তাহলে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন। আমরা ধর্ম সৈনিকেরা, আমাদের ধর্মযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে আবারও অখণ্ড ভারতের অংশ করে তুলব।” (অনূদিত)

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন- যায় যায় দিন (ইউটিউব), ফেস দ্যা পিপল (ফেসবুক)।

ফেসবুকে ভিডিও আকারে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ফেসবুকে ফটোকার্ড আকারে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশে আক্রমণ করতে না পারলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলে কোনো মন্তব্য করেননি যোগী আদিত্যনাথ। প্রকৃতপক্ষে, বিধানসভা অধিবেশনে যোগী আদিত্যনাথের বক্তব্যের একটি ভিডিওতে ডিপফেক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রচারিত ভিডিওটিতে ‘ANI’ এর লোগো রয়েছে।
উক্ত সূত্র ধরে ভারতের গণমাধ্যম ANI এর ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ২৪ ডিসেম্বর ‘“Don’t come supporting Bangladeshi”, CM Yogi warns Samajwadi Party in fiery speech’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর আংশিক সাদৃশ্য রয়েছে।
ভিডিওতে যোগী আদিত্যনাথ তার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগে বাংলাদেশের ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার নিন্দা জানান এবং এ ঘটনার প্রতিক্রিয়ায় ভারতের রাজনৈতিক দল সমাজবাদী পার্টির নীরবতার সমালোচনা করেন।
উক্ত ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০১:৪৫ থেকে ০১:৫৯ অংশটির সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে, যেখানে যোগী আদিত্যনাথ বলেছেন, “যদি বাংলাদেশ ও পাকিস্তান সৃষ্টি না হত, তাহলে মানুষকে এভাবে হিন্দুরে জীবন্ত পুড়িয়ে মারা হত না। আর যদি কেউ তা করত, তাহলে তারা এটাও জানত যে তাদের কী দুর্গতি হত।”। তবে, উক্ত ভিডিওর কোনো অংশে যোগী আদিত্যনাথ বাংলাদেশে আক্রমণের ডাক দিয়ে কিংবা বাংলাদেশে আক্রমণ করতে না পারলে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদীকে পদত্যাগ করতে বলে কোনো মন্তব্য করেননি।
উক্ত ভিডিওতে ANI এটির উৎস হিসেবে ‘উত্তরপ্রদেশ বিধানসভা’ উল্লেখ করেছে। এ সূত্র ধরে উত্তরপ্রদেশ বিধানসভার ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ২৪ ডিসেম্বর প্রকাশিত একই ফুটেজের বর্ধিত সংস্করণটি খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০৪:২৬:২১ অংশ থেকে যোগী আদিত্যনাথ বক্তব্য দিয়েছেন। ভিডিওর ০৫:২৬:৫০ অংশ থেকে আলোচিত ভিডিওটির সাথে আংশিক সাদৃশ্যপূর্ণ দৃশ্য রয়েছে।
উত্তর প্রদেশ বিধানসভা অধিবেশনের উক্ত ভিডিও ফুটেজটি পর্যবেক্ষণ করে এটি নিশ্চিত করা যায় যে, যোগী আদিত্যনাথ তার বক্তব্যে বাংলাদেশে দিপু চন্দ্র দাসের হত্যার বিষয়ে বক্তব্য রেখেছিলেন। তিনি বিরোধী দলকে, বিশেষ করে সমাজবাদী পার্টির সমালোচনা করার জন্য এই ইস্যুতে কথা বলেছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বা বাংলাদেশে আক্রমণের আহ্বান জানিয়ে কোনো মন্তব্য করেননি।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১৮ ডিসেম্বর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ময়মনসিংহের পাইওনিয়ার্স নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দিপু চন্দ্র দাসকে কারখানা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আলোচিত ভিডিওতে ‘বাংলাদেশে আক্রমণ ও নরেন্দ্র মোদীকে পদত্যাগের আহ্বান’ শীর্ষক অংশটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৮.৭ শতাংশ।
অর্থাৎ, যোগী আদিত্যনাথের বক্তব্যের ভিডিওতে ডিপফেক প্রযুক্তির সহায়তার আলোচিত বক্তব্যের অডিও ক্লিপ যুক্ত করে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে৷
সুতরাং, বাংলাদেশে আক্রমণ না করলে নরেন্দ্র মোদীকে পদত্যাগের আহ্বান জানিয়ে যোগী আদিত্যনাথের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওর একটি অংশ এআই-নির্মিত।
তথ্যসূত্র
- ANI News – “Don’t come supporting Bangladeshi”, CM Yogi warns Samajwadi Party in fiery speech
- UTTAR PRADESH VIDHAN SABHA – UTTAR PRADESH VIDHAN SABHA WINTER SESSION (24TH DECEMBER 2025) DAY 4
- DeepFake-O-Meter – Website

