শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিতে ড. ইউনূস ২০ কোটি টাকা দিয়েছেন শীর্ষক মন্তব্য করেননি চিফ প্রসিকিউটর

জুলাই আন্দোলনের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি দাবি করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, “শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা রায় দেওয়ার জন্য ডঃ ইউনুস আমাকে ২০ কোটি দিয়েছিল, দেশবাসী আমাকে ক্ষমা করবেন।”

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত টিকটক পোস্টটি প্রায় ৯৫ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ২ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা রায় দেওয়ার জন্য ডঃ ইউনুস আমাকে ২০ কোটি দিয়েছিল’ শীর্ষক মন্তব্য করেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়া অপ্রাসঙ্গিক ভিডিও ফুটেজ প্রচার করে আলোচিত ভুয়া দাবি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ইউটিউব ভিডিওর শুরুতে সংযুক্ত নারীর ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘News Analysis by Kazi Runa’ নামক ইউটিউব চ্যানেলে গত ২৪ নভেম্বরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ইউটিউব ভিডিওর শুরুতে সংযুক্ত নারীর ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিওটিতে কাজী রুনা নামক বক্তা নানা বিষয়ে কথা বলেন যেমন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহারের উদ্দেশ্যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিতর্কিত মন্তব্য ও এ বিষয়ে নিয়ম ও কার কী অভিমত ইত্যাদি।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহারকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেন। শুনানিতে তর্কের একপর্যায়ে নাজনীন নাহারকে উদ্দেশ্য করে তাজুল ইসলাম বলেন,” আপনি চুপ থাকুন। কথা বলবেন না। আপনাকেও আসামি করা হতে পারে। বিভিন্ন জায়গা থেকে আপনার বিরুদ্ধে আমরা অভিযোগ পাচ্ছি।” কাজী রুনার উক্ত ভিডিওতে এ বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। তবে ভিডিওতে ‘শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা রায় দেওয়ার জন্য ডঃ ইউনুস আমাকে ২০ কোটি দিয়েছিল’ শীর্ষক মন্তব্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের করার দাবি বা দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি।

এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত ইউটিউব ভিডিওতে কাজী রুনার কথা বলার সময় একইসাথে সাংবাদিক মাসুদ কামালের একটি ফুটেজের সংযুক্তিসহ আরো কিছু ফুটেজের সংযুক্তি পাওয়া যায় তবে তার কোনোটার সাথেই আলোচিত দাবির কোনো প্রাসঙ্গিকতা বা তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। উল্লেখ্য, মাসুদ কামালের ভিডিও ফুটেজে কোনো ভয়েসের সংযুক্তি ছিল না অর্থাৎ, মাসুদ কামালকে কিছু বলতে শোনা যায়নি।

পাশাপাশি, এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত মন্তব্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের করার দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ‘শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা রায় দেওয়ার জন্য ডঃ ইউনুস আমাকে ২০ কোটি দিয়েছিল’ শীর্ষক মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: