ড. ইউনূসের পাঁচ বছর ক্ষমতায় থাকার দাবিতে জ্বালানি উপদেষ্টার নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে উদ্ধৃত করে একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, তিনি বলেছেন—‘ড. ইউনুস স্যার আর মাত্র পাচটা বছর থাকতে পারলে। এই দেশের মানুষের কোন দুঃখ কষ্ট থাকতো না।’ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পাঁচ বছর ক্ষমতায় থাকা নিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য কোনো সূত্র ছাড়াই তার নামে মন্তব্যটি প্রচার করা হচ্ছে। তিনি এ ধরনের মন্তব্য করেননি বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অনুসন্ধান করে বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে ফাওজুল কবির খানের এমন মন্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তিনি বাংলাদেশের একজন উপদেষ্টা হওয়ায়, এ ধরনের মন্তব্য করলে তা অবশ্যই মূলধারার গণমাধ্যমসহ বিভিন্ন বিশ্বাসযোগ্য সূত্রে প্রকাশ পেত। কিন্তু বাস্তবে কোথাও এমন কোনো তথ্য নেই।

বরং গণমাধ্যমে প্রকাশিত তার বিভিন্ন বক্তব্যে তাকে দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান নিতে দেখা যায়। গত ৯ জানুয়ারি দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে। এটি পাঁচ বছরের জন্য নয়। কারণ, এই নির্বাচনে একটি গণভোট হচ্ছে।’

এর আগে, গত বছরের ৭ ডিসেম্বর বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খা নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন, জাতি হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াব।’

এছাড়া, গত বছরের সেপ্টেম্বর মাসে প্রথম আলোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘোষিত সময়ে নির্বাচন হবে বলেই সরকার মনে করে। কেননা, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হলে দীর্ঘমেয়াদি সরকার দরকার।’

এ বিষয়ে জানতে চাইলে ফাওজুল কবির খান রিউমর স্ক্যানারকে বলেন, কখনোই না। আমি চাই দ্রুত নির্বাচিত সরকার আসুক। আমাদের পরিকল্পনা অনুযায়ী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর সরকারি বাসা ছাড়ার জন্য আমার স্ত্রী ইতোমধ্যে প্যাকিং শুরু করেছে।

সুতরাং, ড. ইউনূসের পাঁচ বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গে ফাওজুল কবির খানকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: