২০৩১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়ে ড. ইউনূসের বক্তব্য দাবিতে ভিন্ন বক্তব্যের ভিডিও কাঁটছাঁট করে প্রচার

সম্প্রতি, ‘গভীর রাতে ডক্টর ইউনুস লাইভে এসে একি বললো ২০৩১ সাল পর্যন্ত থাকার পরিকল্পনা চলছে।’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, গত জুনে ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া তার ভাষণের ভিডিওর কিছু অংশকে জোড়া লাগিয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বিটিভির ইউটিউব চ্যানেলে গত ৬ জুন ‘পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে জাতির উদ্দেশে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ০.২০ সেকেন্ডে ড. ইউনূস “প্রিয় দেশবাসী” বলেন। এরপর বন্দর ব্যবস্থাপনা নিয়ে বক্তব্যে দিতে গিয়ে ১৭ মিনিট ০৯ সেকেন্ড থেকে ১৭ মিনিট ২৫ সেকেন্ডের মধ্যে তিনি বলেন, ৩১ সালের মধ্যে যদি আমরা বন্দরের কাজ শিখে ফেলতে পারি, তাহলে পরের পাঁচ বছরে অর্থাৎ ৩৬ সালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে এই কোম্পানিগুলো যে বন্দরগুলো পরিচালনা করে, তার অনেকগুলোই বাংলাদেশিরা পরিচালনা করবে। এখান থেকেই ৩১ সালের কথাটি নেওয়া হয়েছে।
৩২ মিনিট ০২ সেকেন্ডে তিনি ঐক্যমত্য কমিশন নিয়ে কথা বলতে গিয়ে বলেন, অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে দ্রুত পূর্ণাঙ্গ জুলাই সনদ তৈরি করে জাতির জন্য একটি নতুন পথনির্দেশনা রেখে যেতে চান। ৩২ মিনিট ৪৩ সেকেন্ড পর্যন্ত এই অংশ আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। একইভাবে ২৫ মিনিট ০৬ সেকেন্ড থেকে ২৫ মিনিট ২২ সেকেন্ডের অংশও নেওয়া হয়েছে।
অর্থাৎ, মূল ভিডিওর বিভিন্ন সময়ের বক্তব্য খণ্ডিত করে জোড়া লাগিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে গত ৬ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি সমসাময়িক অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। অনেক আলোচনা-সমালোচনার জবাব দিয়েছেন। নির্বাচন, জুলাই সনদ, মানবিক করিডর, বন্দরের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তার ভাষণে।
এছাড়া, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ২০৩১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান এমন দাবির কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। বরং তিনি একাধিকবার (১,২) জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে।
সুতরাং, গত জুনে ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণের বিভিন্ন অংশ খণ্ডিত করে জোড়া লাগিয়ে তিনি ২০৩১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করছেন বলে দাবি করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Television – পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে জাতির উদ্দেশে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ
- Ittefaq – জাতির উদ্দেশে ভাষণে কী বললেন প্রধান উপদেষ্টা

