নির্বাচনের পূর্বেই ড. ইউনূস পদত্যাগ করলেন দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ছবি প্রচার  

সম্প্রতি, “নির্বাচনের আগেই পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টা, পদত্যাগ পত্র জমা দিয়েছেন সেনাপ্রধানের কাছে।” শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই গত বছরের নভেম্বরে প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ‘সেনাবাহিনী পদক’ দেওয়ার ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ইত্তেফাকের ওয়েবসাইটে গত বছরের ২১ নভেম্বর ‘সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা’ শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ‘সেনাবাহিনী পদক’ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সেসময় এবিষয়ে অন্যান্য গণমাধ্যমেও সংবাদ (, , ) প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গতকাল ২০ জানুয়ারি ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভা অনুষ্ঠিত হয় এবং তিনি জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেন৷

সুতরাং, গত বছরের নভেম্বরে প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দেওয়ার ছবিকে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: