টিপ বিতর্ক নিয়ে আলোচিত মন্তব্যটি ডা. জাফরুল্লাহর নয়

সম্প্রতি “টিপ নিয়ে তোমাদের এত প্রতিবাদ! কৈ?হিজাব নিয়ে অপদস্ত নারীর হয়ে তো কখনো প্রতিবাদী হওনি.. সত্যিই কি নারী স্বাধীনতা চাও? নাকি ভন্ডামী?” শীর্ষক শিরোনামে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মন্তব্য দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সম্প্রতি এক পুলিশ সদস্য ও এক কলেজ শিক্ষিকার মধ্যকার টিপ বিতর্ক কাণ্ড নিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রতিবাদকারীদের উদ্দেশ্য করে প্রচারিত মন্তব্যটি ডা. জাফরুল্লাহ চৌধুরীর নয় বরং এই মন্তব্যটি তার নামে তৈরি করা একটি ভুয়া ফেসবুক পেজ থেকে তার বরাতে প্রচার করা হয়েছে এবং কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত মন্তব্যটি ডা. জাফরুল্লাহর দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

গুজবের উৎপত্তি

অনুসন্ধানে দেখা যায়, ‘Dr. Zafrullah Chowdhury’ নামের একটি ফেসবুক পেজ থেকে ০৪ এপ্রিল রাত ০৯ টা ২৩ মিনিটে পুলিশ সদস্য ও শিক্ষিকার মধ্যকার টিপ বিতর্ক কাণ্ডকে কেন্দ্র করে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রতিবাদকারীদের উদ্দেশ্য করে একটি মন্তব্য প্রকাশ (আর্কাইভ এখানে) করা হয় যা পরবর্তীতে কপি-পেস্ট হয়ে জাফরুল্লাহ চৌধুরীর মন্তব্য দাবি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে ‘Dr. Zafrullah Chowdhury’ নামের উক্ত পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি জাফরুল্লাহ চৌধুরীর নামে তৈরি করা একটি ভুয়া ফেসবুক পেজ। উক্ত পেজের ট্রান্সপ্যারেন্সি সেকশন থেকে জানা যায় পেজটি ৩ জন এডমিন কর্তৃক সুইডেন থেকে পরিচালনা করা হচ্ছে।

সংবাদমাধ্যম জাগো নিউজ-২৪ এবং দৈনিক মানবজমিন এর অনলাইন সংস্করণে ২০২১ সালের ০২ আগস্টে প্রকাশিত প্রতিবেদন হতে জানা যায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী তার নামে থাকা একাধিক ভুয়া আইডি এবং পেজের বিরুদ্ধে ধানমন্ডি থানায় জিডি করে রেখেছেন।

মূলত, মাথায় টিপ পড়ার কারণে গত শনিবার ঢাকার ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারকে হেনস্তার অভিযোগ উঠে ডিএমপির সুরক্ষা বিভাগের পুলিশ কনস্টেবল নাজমুল তারেকের বিরুদ্ধে। উক্ত ঘটনা নিয়ে শিক্ষিকা কর্তৃক থানায় অভিযোগ দায়েরের পরবর্তী সময়ে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিবাদে অংশ নেয়। উক্ত ঘটনায় জাফরুল্লাহ চৌধুরীর নামে তৈরি করা ভুয়া ফেসবুক পেজের পোস্টকেই সূত্র হিসেবে ধরে “টিপ নিয়ে তোমাদের এত প্রতিবাদ! কৈ?হিজাব নিয়ে অপদস্ত নারীর হয়ে তো কখনো প্রতিবাদী হওনি.. সত্যিই কি নারী স্বাধীনতা চাও? নাকি ভন্ডামী?” শীর্ষক মন্তব্যটি সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, গ্রুপ এবং পেজে প্রচার হচ্ছে।

বিষয়টি অধিক নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান “জনাব জাফরুল্লার নামে থাকা আইডি অথবা পেজের সঙ্গে ওনার কোনো সম্পৃক্ততা নেই এবং এই বিষয়ে থানায় বহুবার জিডি করা হয়েছে”। অর্থাৎ, এটি সম্পূর্ণ নিশ্চিত যে উক্ত পেজটি ডা. জাফরুল্লাহ চৌধুরীর নয়।

এছাড়া, সাম্প্রতিক সময়ে দেশীয় গণমাধ্যমগুলোতে টিপ পরার প্রতিবাদ নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর এরূপ কোনো মন্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।।

প্রসঙ্গত, অভিযোগকারিনীর সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হওয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করায় অভিযুক্ত কনস্টেবল নামজুল তারেককে গত ০৪ এপ্রিল চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করেছে পুলিশ কর্তৃপক্ষ এবং ঘটনাটি খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ফারুখ হোসেন।

উল্লেখ্য, পূর্বেও ডা. জাফরুল্লাহ চৌধুরীর নামের ভুয়া পেজটি থেকে ছড়ানো বিভিন্ন তথ্যকে গুজব হিসেবে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

৭ ই মার্চের ভাষণকে কেন্দ্র করে ডা. জাফরুল্লাহর বরাতে ভুয়া মন্তব্য প্রচার
মুক্তিযুদ্ধে শহীদের মোট সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ সম্পর্কিত মন্তব্যটি ডা. জাফরুল্লাহর নয়

অর্থাৎ, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই ডা. জাফরুল্লাহ চৌধুরীর নামে তৈরিকৃত একটি ভুয়া ফেসবুক পেজ হতে পুলিশ সদস্য ও কলেজ শিক্ষিকার মধ্যে টিপ বিতর্ক কাণ্ডকে কেন্দ্র করে প্রচারিত একটি মন্তব্যকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: টিপ নিয়ে তোমাদের এত প্রতিবাদ! কৈ?হিজাব নিয়ে অপদস্ত নারীর হয়ে তো কখনো প্রতিবাদী হওনি.. সত্যিই কি নারী স্বাধীনতা চাও?
    নাকি ভন্ডামী? –ডাঃ জাফরউল্লাহ চৌধুরী।
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

Share: