খাল খননের বিষয়ে জাহেদ উর রহমানের বক্তব্য বিভ্রান্তিকরভাবে প্রচার 

কতিপয় গণমাধ্যমে গত ২১ এপ্রিলে দাবি প্রচার করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘দেশের অর্ধেক খালের খনন কাজ শেষ’।

এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট : মাছরাঙা টিভি, কালের কণ্ঠ, দুরবীন নিউজ, টেবিল টক ইউকে, বিডি মর্নিং, হিকমা২৪

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান পুরো দেশের সব খালের অর্ধেক সংখ্যক খাল খননকাজ সম্পন্ন হয়েছে বলেননি। প্রকৃতপক্ষে তিনি কেবল খনন কর্মসূচিভুক্ত ৬৪৫টি খালে মোট খননকাজের প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হওয়ার কথা বলেছেন যা দেশের সব খাল প্রসঙ্গে বলা বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে গত ২১ এপ্রিলে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওটি সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে গত ২১ এপ্রিলে সচিবালয়ে জাহেদ উর রহমান এর সংবাদ সম্মেলনের। ভিডিওর প্রায় ২ মিনিট ৫৫ সেকেন্ড পরবর্তী সময়ে জাহেদ উর রহমানকে বলতে শোনা যায়, “..আমাদের প্রাপ্ত তথ্য হচ্ছে, কর্মসূচিভুক্ত খালের সংখ্যা ৬৪৫। দৈর্ঘ্য হচ্ছে ১২৬০ কিলোমিটার। খননকৃত খালের প্রাপ্ত দৈর্ঘ্য ৫৬১ কিলোমিটার। অগ্রগতির হার ৪৪.৫৫ (শতাংশ)। এই জায়গাটাকে আমি একটু হাইলাইট করতে চাই। আমরা যেটা কর্মসূচির মধ্যে এখন এনেছি, সেটার ৪৪.৫৫ (শতাংশ), মানে প্রায় অর্ধেক সংখ্যক খাল আমরা খনন করতে পেরেছি।..”

সংবাদ সম্মেলনের ভিডিওটি মূলধারার গণমাধ্যম ‘দেশ টিভি’র ইউটিউব চ্যানেলেও গত ২১ এপ্রিলে প্রচার হতে দেখা যায়।

ড. জাহেদ উর রহমানের বক্তব্য বিশ্লেষণ করলে স্পষ্ট যে তিনি দেশের সব খালের খননকাজ প্রায় অর্ধেক সম্পন্ন হওয়ার কথা বলেননি। বরং, তিনি খনন কর্মসূচিভুক্ত ৬৪৫টি খালে মোট খননকাজের প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হওয়ার কথা বলেছেন।

পরবর্তীতে পুরো দেশে সর্বমোট খালের সংখ্যার বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজ২৪ এর ওয়েবসাইটে গত ৫ মার্চে প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে জানা যায়, বর্তমানে দেশে নদ-নদীর একটি হালনাগাদ তথ্যভাণ্ডার থাকলেও খাল নিয়ে কোনো পূর্ণাঙ্গ, মানসম্মত ও একীভূত ডাটাবেজ নেই। অনুমান করা হয়, দেশে ৩০ হাজারেরও বেশি খাল রয়েছে।

সুতরাং, ড. জাহেদের বলা খনন কর্মসূচিভুক্ত ৬৪৫টি খালে মোট খননকাজের প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হওয়ার বক্তব্যকে দেশের সব খাল প্রসঙ্গে বলা বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: