সম্প্রতি, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় মারা যান আফরা ইভনাথ খান ইকরা, যিনি ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী। এই ঘটনায় যাহের আলভীসহ দুজনের বিরুদ্ধে করা আত্মহত্যার প্ররোচণার মামলা হয়েছে। এরই প্রেক্ষিতে আলভী গ্রেফতার হয়েছেন এমন একটি দাবির সাথে একাধিক ছবি-ভিডিও প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

উক্ত দাবির টিকটক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিনেতা যাহের আলভী গ্রেফতার হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, একাধিক এআই ছবি-ভিডিওর মাধ্যমে ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে যাহের আলভী গ্রেফতার সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি। দেশটিভির গত ০৫ মার্চের এক প্রতিবেদন থেকে জানা যায়, আলভী দেশে নেই। তিনি নেপালে অবস্থান করছেন।
পল্লবী থানার ওসি একেএম আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘নাটকের শুটিং টিম ঢাকায় এসেছে। আলভীর পরকীয়া প্রেমিকা (ইফফাত আরা তিথি) ঢাকায় এসেছেন, কিন্তু তিনি আসামি নন। এই মামলার আসামি আলভী এবং তাঁর মা। পুলিশ বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে খোঁজখবর নিয়েছে, তাঁরা দেশে আসেননি।’
এই দাবিগুলো প্রচার পরবর্তী সময়ে আলভীর ফেসবুক পোস্ট পাওয়া যায়, যেখানে তিনি তার স্ত্রী প্রসঙ্গে আলাপ করেন। গ্রেফতার হলে তার পক্ষে স্বাভাবিকভাবেই ফেসবুকে পোস্ট দেওয়া সম্ভব ছিল না।
পরবর্তী অনুসন্ধানে প্রচারিত ছবি ও ভিডিওগুলো এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। একটি ছবি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।
এছাড়াও, বাকি দুই ছবি-ভিডিও আরেক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ ডিটেক্ট’ এর সাহায্যে যাচাই করলে সেগুলোও এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনার পক্ষে মত দিয়েছে।

সুতরাং, অভিনেতা যাহের আলভী গ্রেফতার দাবিতে প্রচারিত ছবি-ভিডিওগুলো এআই দিয়ে তৈরি।
তথ্যসূত্র
- Desh Tv: জাহের আলভীর অবস্থান সম্পর্কে যা বললেন তিথি
- AI Detection Tools


