খালেদা জিয়ার আসন থেকে জাইমা রহমান নির্বাচন করার দাবিটি সঠিক নয় 

বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ অর্থাৎ, তিনটি আসন থেকে মনোনয়ন সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে গত বছরের ৩০ ডিসেম্বর ভোরে মারা যান তিনি। এরই প্রেক্ষিতে, ‘খালেদা জিয়ার আসন থেকে নির্বাচন করবে তারেক রহমান এর মেয়ে জাইমা রহমান’ শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

উক্ত পোস্টটি ৪০ হাজারের বেশি বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খালেদা জিয়ার আসন থেকে জাইমা রহমানের নির্বাচন করার দাবিটি সঠিক নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি এবং ভিডিও যুক্ত করে আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাইমা রহমানের অংশগ্রহণ করার কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি বিএনপির ফেসবুক পেজ, মিডিয়া সেল, তারেক রহমানের এমনকি জাইমা রহমানের ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, প্রথম আলোর ওয়েবসাইটে গত ৩০ ডিসেম্বর ‘নির্বাচনের আগে খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর তিন আসনে কী হবে’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এই তিন আসনে বিএনপির একজন করে বিকল্প প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এছাড়া, বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইটে গত ০১ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি আসনে তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাই দলের প্রার্থী হবেন।

পরবর্তীতে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যমতে, খালেদা জিয়া যে তিনটি (ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩) আসন থেকে মনোনয়ন তুলেছিলেন সেই আসনগুলোতে জাইমা রহমানের নামও খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। 

সুতরাং, খালেদা জিয়ার আসন থেকে নির্বাচন করবে জাইমা রহমান শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: