সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কন্যা জাইমা রহমানের বক্তব্য দাবিতে ‘দেশবাসীর কাছে তারেক রহমানের মেয়ে কি বলে? শুনলে অবাক হবেন’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ভিডিওটিতে জাইমা রহমানকে বলতে শোনা যায়, “প্রিয় দেশবাসী, আপনারা যে আমাদেরকে এত্ত ভালোবাসেন তা আমি কল্পনাও করিনি। আমার আব্বু বলতেন, ‘বাংলাদেশের মানুষ অনেক ভালো’। আজ আমি তা নিজের চোখে দেখলাম। সত্যি, আপনাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। যারা বিএনপিকে ভালোবাসেন, তারা এই ভিডিওতে আমার দাদুর জন্য একটা দোয়া করেন যান আর ভিডিওটি শেয়ার করেন।’’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ‘দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা’ সংক্রান্ত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত একটি ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে৷
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘Sesh tv’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘Sesh tv’ নামক ফেসবুক পেজে গত ২৭ ডিসেম্বর প্রকাশিত এ সংক্রান্ত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

‘Sesh tv’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয় এবং পেজটিতে প্রচারিত সকল ভিডিও এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।
উক্ত ভিডিওটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Hive Moderation’ এর মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৮ শতাংশ।

এছাড়া, এআই অডিও কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Resemble AI’ এ ভিডিওটির অডিও যাচাই করা হলে সেটিকে ‘Fake’ বলে চিহ্নিত করা হয়েছে।

জাইমা রহমান এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে তার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, জাইমা রহমানের ভিডিওবার্তা দাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা নির্মিত ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Sesh tv – Facebook Post
- Hive Moderation – Website
- Resemble AI – Website
- Zaima Rahman – Facebook Page


