বিএনপিকে নিয়ে জাইমা রহমানের নির্বাচনী প্রচারণার দৃশ্য দাবিতে ডিপফেক ভিডিও প্রচার

সম্প্রতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান বিএনপির পক্ষে ভোট চাচ্ছেন ও নির্বাচনী প্রচারণা করছেন দাবিতে একটি ভিডিও গণমাধ্যমসহ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই ভিডিও নাগরিক টিভির ফেসবুক পেজ থেকেও প্রচার হতে দেখা যায়। 

একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত সবচেয়ে ভাইরাল ভিডিওটি প্রায় পৌনে তিন লাখ ভিউ হয়েছে। এছাড়া, পোস্টটিতে প্রায় পঞ্চাশ হাজার প্রতিক্রিয়া দেখানো হয়েছে ও দুই হাজারের ওপরে মন্তব্য করা হয়েছে। পাশাপাশি, পোস্টটি প্রায় পাঁচ হাজারবার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক কন্যা জাইমা রহমান বিএনপির নির্বাচনী প্রচারণার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিওকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে।

তারেক কন্যা জাইমা রহমান বিএনপির নির্বাচনী প্রচারণা করে ভিডিও করলে সেটি গণমাধ্যমে অবশ্যই সংবাদ আকাশে প্রকাশিত হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এরপর, অনুসন্ধানে তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গত ২০ নভেম্বর নিজ পরিবারের ছবি যুক্ত করে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত জাইমা রহমানের ছবিতে থাকা পোশাক এবং ব্যাকগ্রাউন্ডের সাথে আলোচিত ভিডিওতে থাকা জাইমা রহমানের পোশাক ও ব্যাকগ্রাউন্ডের হুবহু মিল রয়েছে।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেল এবং হাইভ মডারেশনের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। উভয় টুলের বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা যথাক্রমে ১০০% এবং ৯৪%।

অর্থাৎ, তারেক রহমানের ২০ নভেম্বরের পোস্টে থাকা জাইমা রহমানের ছবিটি ডিপফেক প্রযুক্তির সহযোগিতায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।


সুতরাং, তারেক কন্যা জাইমা রহমান বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর দৃশ্যের ডিপফেক ভিডিওকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: