জিয়াউর রহমান দেশের প্রথম ওষুধনীতি প্রণয়ন করেছেন বলে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যটি মিথ্যা

গত ১৩ মে গাজীপুরের টঙ্গীতে নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি আয়োজিত এক এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন দাবি করেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম ওষুধনীতি প্রণয়ন করেন।
গণমাধ্যমে তার এমন বক্তব্য সংবলিত প্রতিবেদন দেখুন এখানে। এছাড়াও তার আলোচিত বক্তব্য প্রদানের ভিডিও ফুটেজ দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের প্রথম ওষুধনীতি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রণয়নের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, বাংলাদেশের প্রথম ওষুধনীতি প্রণয়ন করা হয় ১৯৮২ সালের ১৩ জুন। সেসময় রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি এ এফ এম আহসানউদ্দিন চৌধুরী। তবে, সামরিক আইন প্রশাসক হিসেবে কার্যত ক্ষমতার কেন্দ্রে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে বিবিসি বাংলার ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশের প্রথম জাতীয় ওষুধ নীতি ১৯৮২ সালে প্রণয়ন করা হয়। সেবছরের ১২ই জুন ১২ অধ্যাদেশ আকারে অর্থাৎ আইন আকারে এটি জারি করা হয়। এর আগ পর্যন্ত ১৯৪০ সালের ওষুধ আইন এবং ১৯৪৬ সালের বেঙ্গল ওষুধ রুল এবং ১৯৭০ সালের বেঙ্গল ওষুধ রুল (সংশোধিত) চালু ছিল বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। এছাড়াও জাতীয় ওষুধ নীতিটি ২০০৫ সালে এবং ২০১৬ সালে নবায়ন হয়েছে বলেও জানা যায়।
অনুসন্ধানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সরকারী ওয়েবসাইটে ১৯৮২ সালে প্রণীত জাতীয় ওষুধ নীতির সন্ধান পাওয়া যায়। এছাড়াও অনুসন্ধানে ১৯৮২ সালের ১৩ জুন প্রকাশিত দৈনিক ইত্তেফাকেও সেসময় জাতীয় ওষুধ নীতি প্রণয়নের ঘটনায় প্রতিবেদন প্রকাশিত হতে দেখা যায়। দৈনিক ইত্তেফাকের সেদিনের আর্কাইভ সংখ্যাটি দেখুন এখানে।

পরবর্তীতে আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর ওষুধ নীতি সংক্রান্ত একটি সাক্ষাৎকার খুঁজে পাওয়া যায়। সাক্ষাৎকারে তিনি প্রথম আলোর গণমাধ্যম কর্মীর ‘ওষুধ নীতি তৈরির কাজটি কীভাবে শুরু করেছিলেন?’ শীর্ষক প্রশ্নের প্রেক্ষিতে বলেন, “এরশাদ সাহেবকে বলেছিলাম, একটি যথাযথ কমিটির মাধ্যমে ওষুধ নীতি প্রণয়নের কাজটি করতে হবে। ৮ সদস্যের কমিটি করা হয়েছিল। কমিটির চেয়ারম্যান ছিলেন তখনকার পিজি হাসপাতালের পরিচালক অধ্যাপক নুরুল ইসলাম। খুব কম সময় নিয়ে আমরা কাজটি করেছিলাম।”
সুতরাং, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম ওষুধনীতি প্রণয়ন করেছেন দাবি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের করা মন্তব্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- BBC বাংলা Website: জাফরুল্লাহ চৌধুরীর যে উদ্যোগ ওষুধের দাম মানুষের নাগালের মধ্যে আনে
- Directorate General of Drug Administration Website: The National Drug Policy of Bangladesh 1982
- Daily Ittefaq Archive 13 June, 1982
- Prothom Alo Website: ওষুধ নীতির সুফল ওষুধশিল্পের বিকাশ
- Prothom Alo Website: যুগান্তকারী নীতিতে ওষুধশিল্পের বিকাশ
- Rumor Scanner’s Analysis

