বিশ্বকাপে আর্জেন্টিনার পেনাল্টি পাওয়া নিয়ে জ্লাতান ইব্রাহিমোভিচের নামে প্রচারিত উক্তিটি ভুয়া

গত ৭ জুলাই মিসরের বিপক্ষে অবিশ্বাস্য জয় তুলে নেয় আর্জেন্টিনা। ম্যাচ শেষে রেফারিং ও FIFA-এর বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলে মিসর, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট প্রচার করা হয়েছে, যেখানে সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের ছবি ব্যবহার করে করে দাবি করা হয়েছে যে তিনি বলেছেন, ‘আর্জেন্টিনা প্রতি ম্যাচেই কিভাবে এতো সুবিধা পায় আমি বুঝি না। লাস্ট ১২ টি বিশ্বকাপ ম্যাচে তারা ৮টি পেনাল্টি পেয়েছে। কিভাব হচ্ছে এটা.?’।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিশ্বকাপে আর্জেন্টিনার পেনাল্টি পাওয়া নিয়ে জ্লাতান ইব্রাহিমোভিচ এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের উৎস বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি। তবে ‘Goals Zone’ নামক এক্স অ্যাকাউন্ট থেকে উক্ত দাবিটির সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অনুসন্ধানের অংশ হিসেবে জ্লাতান ইব্রাহিমোভিচের ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, এক্স অ্যাকাউন্টে

প্রচারিত তথ্য পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।

জ্লাতান ইব্রাহিমোভিচের মতো জনপ্রিয় ফুটবলার বিশ্বকাপে আর্জেন্টিনার পেনাল্টি পাওয়া নিয়ে কোনো মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমে ব্যাপকভাবে সংবাদ আকারে প্রকাশিত হতো এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যেতো। কিন্তু জ্লাতান ইব্রাহিমোভিচের এমন কোনো মন্তব্য করার তথ্য বিশ্বস্ত কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।

উল্লেখ্য, মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ শেষে সিবিএস স্পোর্টস গোলাজোতে মেসির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে ইব্রাহিমোভিচ বলেন, ‘মেসিকে থামানোর কেউ ছিল না। সে শুধু এগিয়ে গেছে, এগিয়ে গেছে। এটাই সেই মেসি, যাকে আমরা আগে দেখেছি এবং এখনও দেখছি। তার আবেগই বলে দেয়, এই বিশ্বকাপ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ।’ মেসির জয়ের ক্ষুধার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘সে আগেই বিশ্বকাপ জিতেছে। ব্যালন ডি’অরসহ অসংখ্য শিরোপা তার ঝুলিতে। চাইলে তার অর্জনের তালিকা বলেই সময় পার করা যায়। কিন্তু এত কিছুর পরও সে এখনও আরও জিততে চায়। এটিই সবচেয়ে বিস্ময়কর।’

সুতরাং, বিশ্বকাপে আর্জেন্টিনার পেনাল্টি পাওয়া নিয়ে জ্লাতান ইব্রাহিমোভিচের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

সূত্রপাত

Share: