প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের আনুষ্ঠানিকভাবে দপ্তর বণ্টন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি গণমাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পাশাপাশি ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন জোনায়েদ সাকি’।

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন: সময় টিভি, যুগান্তর, ইত্তেফাক, আমাদের সময়, সারাবাংলা, ভোরের পাতা, বার্তা বাজার (ফেসবুক), দৈনিক বাংলা, দৈনিক শিক্ষা, বিডি২৪লাইভ, ডেল্টা টাইমস, টাইম টেলিভিশন (ফেসবুক), এনপিবি নিউজ, টাইমস অফ বাংলাদেশ, প্রতিফলন, সমাজ দর্পণ, সুনামকণ্ঠ।
এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জোনায়েদ সাকিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে জোনায়েদ সাকিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং এ প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব কাউকেই দেওয়া হয়নি।
এ বিষয়ে অনুসন্ধানে গত ১৭ ফেব্রুয়ারিতে দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগকে প্রজ্ঞাপন জারি করতে দেখা যায়। নতুন সরকারে দায়িত্ব পাওয়া প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মন্ত্রণালয়সহ প্রজ্ঞাপনে উল্লেখ পাওয়া যায়। এতে দেখা যায়, জোনায়েদ সাকি অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কারোর নাম উল্লেখ পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সালাহউদ্দিন আহমদের নামের উল্লেখ পাওয়া যায়।
এছাড়াও, বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে গত ১৭ ফেব্রুয়ারিতে প্রচারিত একটি পোস্টেও জোনায়েদ সাকিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। তাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনো উল্লেখ পাওয়া যায়নি।
পাশাপাশি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণ করলেও তাতে কোনো প্রতিমন্ত্রীর উল্লেখ পাওয়া যায়নি। কেবলমাত্র মন্ত্রী হিসেবে সালাহউদ্দিন আহমদের নাম পাওয়া যায়।
উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে জোনায়েদ সাকিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি।
সুতরাং, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পাশাপাশি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন জোনায়েদ সাকি শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Cabinet Division, Bangladesh – প্রজ্ঞাপন
- Bangladesh Nationalist Party-BNP – Facebook Post
- Ministry of Home Affairs, Bangladesh – Website


