জুমার আহতের ঘটনায় আপত্তিকর ছবি দিয়ে সাদিক কায়েমের পোস্ট দাবিতে ভুয়া স্ক্রিনশট প্রচার

গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ অনেকে আহত হন। এর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম একটি আপত্তিকর ছবিকে জুমার আহত হওয়ার ছবি হিসেবে উপস্থাপন করে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন দাবিতে উক্ত পোস্টের স্ক্রিনশট হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি স্ক্রিনশট প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাদিক কায়েম আলোচিত পোস্টটি করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তার ভিন্ন কোনো পোস্টের স্ক্রিনশটে আলোচিত লেখাটি যুক্ত করে দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় লক্ষ্য করা যায়, আলোচিত দাবির প্রতিটি পোস্টেই সাদিক কায়েমের পোস্টের একই স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে। প্রতিটি স্ক্রিনশটেই তার পোস্টটি তিন ঘন্টা আগে করা হয়েছে এমন দেখা যায়। পোস্টকারীরা ব্যক্তিগতভাবে স্ক্রিনশটটি নিয়ে থাকলে সময়ের পার্থক্য হওয়াটা স্বাভাবিক ছিল। এছাড়াও, সাদিক কায়েম এমন কোনো পোস্ট করে সেটি তিন ঘন্টা তার প্রোফাইলে রাখলে সেটি নিয়ে মূলধারার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়া স্বাভাবিক ছিল। কিন্তু অনুসন্ধানে মূলধারার গণমাধ্যমগুলোতে এমন কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। এমনকি সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করেও এমন কোনো পোস্টের সন্ধান পাওয়া যায়নি।
অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রেস সচিব শফিকুল আলমের ভিন্ন কোনো পোস্টের স্ক্রিনশট সম্পাদনার মাধ্যমে আলোচিত দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।
পরবর্তীতে আলোচিত স্ক্রিনশটে ব্যবহৃত ছবিটির বিষয়ে অনুসন্ধানে ফিটনেস পোশাক বা অ্যাক্টিভওয়্যার ব্র্যান্ড Dupla Brand-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২২ সালের ২১ জুন ছবিটি প্রচারিত হতে দেখা যায়। উক্ত ছবিটিকেই ডাকসু নেত্রী জুমার আহত হওয়ার ছবি দাবিতে প্রচার করা হয়েছে।

সুতরাং, ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমার আহত হওয়ার ঘটনায় আপত্তিকর ছবি ব্যবহার করে সাদিক কায়েমের ফেসবুক পোস্ট করার দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Dupla_brand Instagram Post
- Rumor Scanner’s Analysis

