জুলাই নিয়ে পোস্ট না দেওয়া নিয়ে জুমার বক্তব্য দাবিতে সম্পাদিত ভিডিও প্রচার 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমার বক্তব্যের ভিডিও দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওতে জুমাকে বলতে শোনা যায়, ‘আপনারা যে বলতেছেন জুলাই নিয়ে পোস্ট দিতে, আবু সাঈদকে নিয়ে পোস্ট দিতে, জুলাই নিয়ে পোস্ট দিলেই মানুষ খালি জুলাই চু*দি জুলাই চু*দি কমেন্ট লিখে। আমি আর দিতে পারবো না ভায়া জুলাই নিয়ে পোস্ট। আপনাদের মানসম্মান না থাকলেও আমার মানসম্মান আছে।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জুলাই নিয়ে পোস্ট না দেওয়া নিয়ে আলোচিত বক্তব্য দেননি ফাতিমা তাসনিম জুমা। প্রকৃতপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের দিকনির্দেশনার জন্য আয়োজিত একটি এক্সপোতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে গত ২১ জুনে প্রচারিত ভিডিওর অডিওটি সম্পাদিত করে আলোচিত ভিডিও তৈরি করা হয়েছে।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ফাতিমা তাসনিম জুমা’র ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পাওয়া যায়নি। পাশাপাশি, রিভার্স সার্চ করে কোনো নির্ভরযোগ্য সূত্রেও আলোচিত ভিডিওটি পাওয়া যায়নি।

তবে অনুসন্ধানে ফাতিমা তাসনিম জুমার ফেসবুক অ্যাকাউন্টে গত ২১ জুনে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে প্রদর্শিত ফাতিমা তাসনিম জুমার পোশাক, ব্যাকগ্রাউন্ড ও সামগ্রিক আবহের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

আগামী ২৪ ও ২৫ জুন, টিএসসিতে উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সাদর আমন্ত্রণ’ ক্যাপশনে জুমার অ্যাকাউন্টে প্রচারিত উক্ত ভিডিওতে জুমাকে বলতে শোনা যায় যে, বিদেশে উচ্চ শিক্ষা সংক্রান্ত নানা বিষয়ে জানা না থাকার জন্য অনেকেই আবেদন করতে পারছেন না। তাদের জন্য ২৪ ও ২৫ জুন ডাকসু ও এডুম্যাক্স এর যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে ‘International Education Expo 2026’। এতে বিদেশে উচ্চশিক্ষা, আবেদন প্রক্রিয়াসহ নানা বিষয়ে দিকনির্দেশনার সুবিধা দেওয়া হবে। এছাড়াও, ভিডিওতে জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হওয়া এই এক্সপোতে আমন্ত্রণ জানান।

জুমার উক্ত ভিডিওতে জুলাই সম্পর্কে কোনো উল্লেখ পাওয়া যায়নি।

অর্থাৎ, উপরোল্লিখিত তথ্যপ্রমাণ থেকে স্পষ্ট যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হওয়া এক এক্সপোর আমন্ত্রণ জানানোর উপরোল্লিখিত ভিডিওর অডিও সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচারিত অডিও সংযুক্ত করা হয়েছে।

এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট অনুযায়ী জুমা জুলাই নিয়ে পোস্ট দিচ্ছেন না। কিন্তু জুমার ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে তাকে গত কয়েকদিনে নিয়মিত জুলাই বিষয়ক নানা প্রদর্শনী, কর্মসূচিব্যক্তিগত মত নিয়ে নানা পোস্ট দিতে দেখা যায়।

সুতরাং, জুলাই নিয়ে পোস্ট না দেওয়ার কারণ নিয়ে ফাতিমা তাসনিম জুমার বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওর অডিও সম্পাদিত।

তথ্যসূত্র

Share: