পাকিস্তান যাওয়ার সময় ফাতিমা তাসনিম জুমার আটকের দাবিটি ভুয়া

সম্প্রতি, পাকিস্তান যাওয়ার সময় ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমাকে নিয়ে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে, ‘পাকিস্তান যাওয়ার সময় ডাকসু নেত্রী ঝুমাকে আটক করেছে পুলিশ’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জুমার আটক হওয়ার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ফটোকার্ডে ব্যবহৃত ভুয়া ছবিটি তৈরি করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘GojobVision’ নামের একটি ফেসবুক পেজে গত ৯ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়।

‘GojobVision’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘দৃষ্টি জুড়ে গজব। শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

এছাড়া ফটোকার্ডটিতে যুক্ত ছবিটি পর্যবেক্ষণ করলে ছবির উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

বিষয়টি আরও নিশ্চিত হতে প্রচারিত ছবিটি গুগলের এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী টুল সিন্থআইডির (SynthID) মাধ্যমে পরীক্ষা করে রিউমর স্ক্যানার। গুগলের এআই জেমিনির মাধ্যমে এ পরীক্ষা চালালে জানা যায়, ছবিটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদিত হয়েছে।

গুগলের সিন্থআইডি প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও, অডিও বা টেক্সটে অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত করে, যা খালি চোখে দেখা যায় না, তবে বিশেষ প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা সম্ভব। গুগলের দাবি, কনটেন্ট তৈরি হওয়ার মুহূর্তেই এই ওয়াটারমার্ক যুক্ত হয় এবং ক্রপ করা, ফিল্টার প্রয়োগ কিংবা ফ্রেম রেট পরিবর্তনের মতো সম্পাদনার পরেও এটি টিকে থাকে। কোনো ছবি গুগল এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কি না যাচাই করতে জেমিনিতে ছবিটি আপলোড করে জিজ্ঞেস করলেই সিন্থআইডি ওয়াটারমার্ক আছে কি না, তা জানিয়ে দেয়।

এছাড়া, ফাতিমা তাসনিম জুমার গ্রেফতারের দাবি প্রচারের পরবর্তী সময়েও তাকে ফেসবুকে নিয়মিত সক্রিয় দেখা গেছে।

সুতরাং, পাকিস্তান যাওয়ার সময় ফাতিমা তাসনিম জুমা আটক হওয়ার দাবিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Rumor Scanner’s Analysis
GojobVision – Facebook Post 

Share: