সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দীর্ঘ ৪৯৪ দিন পর মায়ের কাছে ফিরেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে। এর মধ্যে একটি ভিডিওই দেখা হয়েছে প্রায় ২ লাখ ৬৭ হাজার বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং জুনাইদ আহমেদ পলক জামিনও পাননি। বরং, ২০২৪ সালের ঈদুল ফিতরের সময়ের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে Subrato Sarker নামের একটি অ্যাকাউন্টে ২০২৪ সালের ১১ এপ্রিল প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়।

ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ঈদুল ফিতরের নামাজ আদায় করার পূর্বে মায়ের সাথে দেখা করেন জুনাইদ আহমেদ পলক। গত বছরের ১১ এপ্রিল পালিত হয় পবিত্র ঈদুল ফিতর।
পলকের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ বর্তমানে বন্ধ থাকায় এ সংক্রান্ত মূল ভিডিওটি পাওয়া যায়নি।
তবে ভিডিওটি যে সাম্প্রতিক সময়ের নয় তা নিশ্চিত।
তাছাড়া, জুনাইদ আহমেদ পলক জামিনে মুক্তি পেলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়াটা স্বাভাবিক। কিন্তু, এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে জুনাইদ আহমেদ পলকের জামিন পাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, ১৭ ডিসেম্বরও তাকে এক মামলায় আদালতে হাজির করা হয়।
সুতরাং, জুনাইদ পলক মায়ের কাছে ফিরেছেন দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Subrato Sarker: Facebook Video


